ইংলিশ প্রিমিয়ার লিগে চমক দেখালো টটেনহাম হটস্পার। শনিবার (২৩ আগস্ট) ম্যানচেস্টার সিটির মাঠ ‘ইতিহাস স্টেডিয়াম’-এ ২-০ গোলের জয়ে পেপ গার্দিওলার দলের ওপর দাপট দেখালো স্পার্সরা। টটেনহামের হয়ে গোল করেন ব্রেনান জনসন ও জোয়াও পলহিনহা।
প্রথমার্ধে দু’দলই কিছুটা ছন্দহীন খেললেও ২৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল স্বাগতিক ম্যানসিটি। তবে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে টটেনহামের গোলরক্ষক গগলিয়েলমো ভিসারিওর দারুণ সেভে বঞ্চিত হয় তারা। অবশেষে ৩৪তম মিনিটে রিচার্লিসনের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন ব্রেনান জনসন। প্রথমে অফসাইড ধরা হলেও ভিএআরের পর গোল বৈধ ঘোষণা করা হয়।
প্রথমার্ধের শেষ দিকে বড় ভুল করে বসে সিটির রক্ষণভাগ। গোলরক্ষক জেমস ট্রাফোর্ডের ভুল পাস কেড়ে নেন টটেনহামের পাপে সার। তার তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে রিচার্লিসনের শট ফিরলেও ফাঁকা পোস্টে বল জালে পাঠান পলহিনহা। ফলে বিরতিতে ২-০ তে এগিয়ে যায় অতিথিরা।দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। একের পর এক আক্রমণ সাজালেও স্পার্স রক্ষণভাগ ও ভিসারিওর দুর্দান্ত সেভের সামনে ব্যর্থ হয় তারা। যোগ করা সময়ে আরও একটি গোল হজমের শঙ্কা তৈরি হয়েছিল। তবে ট্রাফোর্ড টানা দুটি শট রুখে বড় ব্যবধানের হার এড়ান। শেষদিকে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় গার্দিওলার দল। উল্টো সুযোগ নষ্ট করে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় টটেনহামের ফরোয়ার্ডরাও।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে টটেনহাম। অন্যদিকে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি।